বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, নগরীতে নানা কর্মসূচি


hudhudbd.com
চট্টগ্রাম নগর প্রতিনিধি
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিএনপিকে একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
বাণীতে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর মতে, দলটির প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথচলা শুরু হয়।
তারেক রহমান আরও বলেন, বিএনপি শুধু গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্যই নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়ও জনগণকে সঙ্গে নিয়ে ভূমিকা পালন করেছে। বিভিন্ন সময়ে গণতন্ত্র ও দেশের স্বার্থে দলের বহু নেতাকর্মী জীবন দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির চেয়ারম্যান দাবি করেন, জনগণ যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। দলটি সরকার পরিচালনার বিভিন্ন সময়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘ সময়ের শাসন-শোষণের অবসানের পর জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে বিএনপি সরকার কাজ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি। গণতন্ত্র ও সুশাসনের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান।
চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে। সকালে দলীয় কার্যালয় নসিমন ভবন চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
এরপর বিকেল ৩টায় নগরীর পুরাতন রেলস্টেশন চত্বর থেকে বের হবে বর্ণাঢ্য র‌্যালি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।
র‌্যালিতে মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনসহ অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে মহানগর বিএনপি।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার