চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, আন্দোলনে অচল ক্যাম্পাস


hudhudbd.com
রাঙুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রতীকী ‘লাল কার্ড’ দেখিয়ে প্রতিবাদ করেছেন। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি এঁকে নিজেদের অবস্থান তুলে ধরেছেন তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে চুয়েট ক্যাম্পাসে আন্দোলনকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। সকালে শহীদ মিনার চত্বর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা নতুন উপাচার্যের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হাতে লাল কার্ড প্রদর্শন করেন। পাশাপাশি বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন তারা।
এর আগে ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন জারির পর থেকেই এর প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওইদিন রাত থেকে সাবেক উপাচার্যকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা শাটডাউন ও গণঅবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির একটি অংশও কর্মবিরতি পালন করছে বলে জানা গেছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সেখানে তিনি চলমান বিক্ষোভে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন বলে দাবি করেন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের তালা খুলে দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন বলেও জানান তিনি।
উপাচার্যের এমন বক্তব্যের পর শনিবার আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতীকী লাল কার্ড কর্মসূচি পালন করেন। তাদের দাবি, উপাচার্যের বক্তব্য ক্যাম্পাসের প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে চলমান আন্দোলনকে খাটো করে দেখানো হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিদুর রহমান ওসমানী বলেন, “নতুন উপাচার্য অনলাইনে যোগদান করেছেন। গণমাধ্যমে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটিও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাই রেড কার্ড কর্মসূচির মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানিয়েছি।”
শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানিয়েছেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে বিক্ষোভ-মিছিল ও স্লোগানের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন দেয়াল ও ভবনে প্রতিবাদী গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী বিভিন্ন বার্তা ও চিত্রের মাধ্যমে তারা চলমান আন্দোলনের বিষয়গুলো তুলে ধরছেন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার