চুয়েটে অচলাবস্থার মধ্যেই দুদিনের দায়িত্বে অধ্যাপক আরাফাত রহমান


hudhudbd.com
রাঙুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলন ও শাটডাউনের মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আরাফাত রহমান। আগামী ১১ ও ১২ অক্টোবর দুই দিনের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে নতুন করে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পাঠানো এক সরকারি ইমেইল বার্তায় তাঁর দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ওই দুই দিন ঢাকায় অবস্থান করবেন বলে তাঁর পরিবর্তে অধ্যাপক আরাফাত রহমানকে সাময়িকভাবে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করে অধ্যাপক ড. আরাফাত রহমান জানান, নির্ধারিত দুই দিন তিনি তাঁর ওপর অর্পিত প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

এদিকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের আন্দোলন এবং শাটডাউন ১৮ দিনে গড়িয়েছে। শুক্রবার ছুটির দিনে ক্যাম্পাসে বড় কোনো আন্দোলন কর্মসূচি দেখা না গেলেও রাত ১২টার দিকে নতুন দায়িত্বসংক্রান্ত খবর প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অসন্তোষ ও আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের ব্যারিকেডের কারণে তিনি সরাসরি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। ফলে ভার্চুয়াল মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দীর্ঘদিনের এই অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। লাগাতার কর্মবিরতির কারণে ১৮টি বিশেষায়িত বিভাগের ২৫ থেকে ৩০টি পরীক্ষা, সেমিস্টার মূল্যায়ন এবং গবেষণাগারের কার্যক্রম স্থগিত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহসানুল্লাহ জানিয়েছেন, সংকট নিরসনে দ্রুত সরকারি হস্তক্ষেপ না এলে আগামী সপ্তাহে সমিতির বৈঠক করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

দীর্ঘস্থায়ী এই সংকটে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কবে ফিরবে, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলে অনিশ্চয়তা বিরাজ করছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার