বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির


hudhudbd.com
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট দ্রুত সমাধানে কার্যকর বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে তাদের লংমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার সকালে বগুড়া সার্কিট হাউজে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির।
বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প ও রপ্তানি খাত বড় ধরনের চাপের মুখে পড়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় অনেক কারখানায় উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে বলে তিনি দাবি করেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ঋণ পরিশোধে ব্যর্থতা, শ্রমিক ছাঁটাই এবং বিদেশি ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চলা সাপ্লাই চেইন সংকট মোকাবিলায় সরকার কার্যকর বিকল্প ব্যবস্থা নিতে পারেনি। সংকট সমাধানে দেশ-বিদেশে অভিজ্ঞ একটি কারিগরি বিশেষজ্ঞ দল দিয়ে সরকারকে বিনামূল্যে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংসদের ভেতরে বিরোধী দলের প্রস্তাব ও সাধারণ মানুষের দাবিগুলো যথাযথভাবে গুরুত্ব না পাওয়ায় রাজপথে কর্মসূচি পালন করতে হচ্ছে। গণতন্ত্রের রায় বাস্তবায়ন, বৈষম্য দূর করা, দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে তারা আন্দোলন করছেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রথম ধাপের কর্মসূচি সফল হওয়ার পর এখন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দ্বিতীয় ধাপের লংমার্চ কর্মসূচি পরিচালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গণভোট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় কাঠামোয় বড় পরিবর্তনের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপুলসংখ্যক মানুষ পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু সংসদে সেই রায় বাস্তবায়ন না করে জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
বগুড়ার উন্নয়ন বৈষম্য নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বগুড়াকে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ যোগাযোগ ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে জেলাটি কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। প্রধান বিরোধী দলের নেতা হিসেবে বগুড়াসহ উত্তরাঞ্চলের ন্যায্য অধিকার ও উন্নয়নের বিষয় সংসদে জোরালোভাবে তুলে ধরার আশ্বাস দেন তিনি।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে ধুনট উপজেলায় ১৯৬৯ সালে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে দুপুরে টিএমএসএস মমইন কনভেনশন সেন্টার ও স্থানীয় টিটু মিলনায়তনে বগুড়া মহানগর ও জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বগুড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার