সীমান্তে চোখ রাখবে ড্রোন, প্রযুক্তি নির্ভর নজরদারিতে বিজিবি


hudhudbd.com
সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গম সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জনবল দিয়ে যেসব এলাকায় নিয়মিত নজরদারি করা কঠিন, সেখানে থার্মাল ও নাইট-মিশন প্রযুক্তিসম্পন্ন ড্রোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রচলিত নজরদারির পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। থার্মাল ও নাইট-মিশন সক্ষম ড্রোনের মাধ্যমে রাতের অন্ধকারেও দুর্গম এলাকায় গতিবিধি শনাক্ত করা সম্ভব হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের যেসব এলাকায় সীমিত জনবল দিয়ে ম্যানুয়ালি নজরদারি করা সম্ভব নয়, সেসব এলাকায় ডিজিটাল সার্ভেইল্যান্স প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে সীমান্তের অপর পাশে থাকা ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।
বিজিবির জন্য দেশীয়ভাবে ড্রোন তৈরি ও অ্যাসেম্বল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে নিজেদের উদ্যোগে ড্রোন অ্যাসেম্বল ও তৈরির কাজ চলছে। ভবিষ্যতে এ সক্ষমতাকে আরও সম্প্রসারণ করে প্রতিরক্ষা শিল্পের একটি খাত হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, ড্রোন ও ডিজিটাল সার্ভেইল্যান্স পরিচালনায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি বিজিবির প্রযুক্তিগত সক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হবে। বর্ডার আউটপোস্ট (বিওপি), বিজিবি সদর দপ্তর ও আঞ্চলিক কমান্ড পর্যায় থেকেও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ তৈরি করা হবে।
এ সময় মন্ত্রী মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও আধুনিক সক্ষমতা বাড়ানোর কথা জানান। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের অনেকেই অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাছে একই ধরনের অস্ত্রের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এখন তাদের প্রয়োজনীয় অস্ত্র ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন তিনি।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার