চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক


hudhudbd.com
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে মিনহাজ খাতুন (২৪) নামে দুই সন্তানের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে মারধরের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের স্বামী জাহেদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দোহাজারী পৌরসভার হাছনদন্ডি এলাকার নাসির মাস্টার বাড়িতে ঘটনাটি ঘটে। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ ওই বাড়ি থেকে মিনহাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের ছোট বোন হাফছার অভিযোগ, প্রায় ছয় বছর আগে একই এলাকার খাইরুল বশরের ছেলে জাহেদুল ইসলামের সঙ্গে মিনহাজের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর ও দেড় বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, জাহেদুল অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এ নিয়ে মিনহাজ প্রতিবাদ করলে প্রায়ই তাকে মারধর করা হতো। শুক্রবার রাতে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় শনিবার রাতে মিনহাজকে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।

হাফছার ভাষ্য, রাত ১টার দিকে জাহেদুল ফোন করে জানান, মিনহাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় তিনি বিশ্বাস না করলে পরে জাহেদুল ভিডিও কল করেন। তখন মিনহাজকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায় বলে দাবি করেন হাফছা।

পরে নিহতের স্বজনরা বাড়িতে গিয়ে মিনহাজের মরদেহ দেখতে পান। পরিবারের অভিযোগ, ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলতে এবং ঘটনাটিকে বাথরুমে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা হিসেবে প্রচার করতে শ্বশুরবাড়ির লোকজন চাপ দেন। এমনকি একটি আপোষনামাও প্রস্তুত করা হয়েছিল বলে দাবি তাদের।

পুলিশ মরদেহের সুরতহাল করার সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং হাত, পা ও গলায় রশি দিয়ে বাঁধার মতো কালো দাগ দেখতে পায় বলে জানিয়েছে নিহতের পরিবার।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, রোববার সন্ধ্যায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় তার স্বামী জাহেদুল ইসলামকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার