মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট


hudhudbd.com
কর্ণফুলী প্রতিনিধি
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ এবং চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা মইজ্জ্যারটেক এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নতুন ব্রিজ থেকে ক্রসিং পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বিক্ষোভকারীরা জানান, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন। এছাড়া আরও চার থেকে পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। চাকরি হারানো ও ওএসডি হওয়া এসব কর্মকর্তা-কর্মচারী পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেন তারা।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের স্বপদে পুনর্বহাল, ওএসডি প্রত্যাহার এবং শর্তসাপেক্ষে অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া বন্ধ করা।
এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সোমবার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা হামলা চালান। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান তারা।
পরে পুলিশ আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে রাত ৮টার দিকে তারা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, চাকরিচ্যুত কর্মকর্তারা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়েছিল। পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
অন্যদিকে, দীর্ঘ দুই ঘণ্টার অবরোধের পর চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার