ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬

দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের ঘোষিত কর্মসূচিটি ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশব্যাপী এ অভিযান শুরুর কথা জানান।
তিনি বলেন, ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ শুরু হওয়ার আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রোগটির সংক্রমণ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট সংস্থা ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।
ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন বলেও জানান প্রতিমন্ত্রী।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো হবে। বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার