ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা


hudhudbd.com
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে ভোরে কাঁচামাল ব্যবসায়ীদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে সশস্ত্র ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। পরে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার ভোর ৫টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট থেকে ভূজপুরের কাজিরহাট যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীরা জানান, ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডল বাড়ির বাসিন্দা মোহাম্মদ মোজাহেরসহ তিন ব্যবসায়ী পাইকারি দরে মরিচ কেনার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন। তাদের সঙ্গে কেনাকাটার জন্য নগদ টাকা ছিল।
কাজিরহাটের কাছাকাছি পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র ব্যক্তি তাদের অটোরিকশার পথ আটকে দেয়। অস্ত্রের ভয় দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীরা বাধা দেন। এ সময় মোজাহেরকে মারধর করে মাথায় আঘাত করা হয়। পরে ধারালো ছুরি দিয়ে তাঁর কানের নিচে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
মোজাহের বলেন, তাদের চিৎকার শুনে পেছন থেকে একটি সিএনজি এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করে। তখন দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে উদ্ধার করতে আসা সিএনজিটি ফিরে যেতে বাধ্য হয়।
পরে মোজাহেরের কাছ থেকে ৬৩ হাজার টাকা এবং অপর দুই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। সব মিলিয়ে প্রায় ৩ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
ঘটনার বিষয়ে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। আহতদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ঘটনাস্থল কাজিরহাট ও ভূজপুর এলাকার সীমান্তবর্তী হওয়ায় ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, ভোরের নীরব সময়কে দুর্বৃত্তরা অপরাধ সংঘটনের জন্য বেছে নিচ্ছে। ঘটনার পর ভূজপুর এলাকায় ভোর ও সকালেও পুলিশের বিশেষ টহল জোরদার করা হবে বলে জানান তিনি।
এ ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার