দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে করা ১০১টি সমঝোতা স্মারক (এমওইউ) খতিয়ে দেখছে বর্তমান সরকার। এসব সমঝোতার কোনোটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয়েছে কি না, তা যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, তবে কোনো চুক্তি বা সমঝোতার কারণে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে তা মেনে নেওয়া হবে না।
চিফ হুইপ বলেন, শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা বর্তমানে পর্যালোচনার আওতায় রয়েছে। পর্যালোচনায় দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় উঠে এলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে দ্রুত অগ্রগতি দেখা যাবে বলেও জানান তিনি। পাশাপাশি চুক্তিগুলোর আর্থিক প্রভাবও বিবেচনায় নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ তুলে নুরুল ইসলাম মনি বলেন, আগের সরকারের সময়ে এমন কিছু ব্যবস্থা ও চুক্তি করা হয়েছিল, যেখানে বাংলাদেশ ও কোনো বন্ধুদেশের জাহাজ একই সময়ে বন্দরে অবস্থান করলে বন্ধুদেশের জাহাজকে অগ্রাধিকার দিয়ে খালাসের ব্যবস্থা রাখা হয়েছিল। দেশের স্বার্থের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এ ধরনের বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার।
সংবাদ সম্মেলনে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ না জানানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন চিফ হুইপ। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানোয় ভারতের প্রতি অসন্তোষের কথাও জানান তিনি।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার