কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৯ শিশুর


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ শিশুর মৃত্যু হয়েছে। আগুনের তাণ্ডবে দুটি স্কুল ও আশপাশের প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
বৃহস্পতিবার বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে উজামা প্রাইমারি স্কুল, ফুরাহা সেকেন্ডারি স্কুল এবং আশপাশের বসতিতে।
জাতিসংঘ পরিচালিত সম্প্রচারমাধ্যম রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়। আগুন ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে গিয়ে অনেকে একে অপরের ওপর পড়ে যান। এতে পদদলিত হয়েও কয়েকজনের মৃত্যু হয়েছে।
এএফসি-এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। তবে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত নয়।
আগুন ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া বহু শিক্ষার্থীকে আশপাশের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ২১ জনকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। গুরুতর আহতদের কয়েকজন কাদুতু জেনারেল হাসপাতাল ও বুকাভু প্রাদেশিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় একটি ক্লিনিকের নার্স ক্রিস্টোফ জিগাশানের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, তাদের কেন্দ্রে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে আনা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন শিক্ষকও ছিলেন। অধিকাংশের অবস্থা ছিল শ্বাসকষ্টজনিত কারণে গুরুতর। কয়েকজন ঘটনাস্থলেই মারা যান, পরে হাসপাতালে নেওয়ার পরও কয়েকজনের মৃত্যু হয়।
দক্ষিণ কিভু প্রদেশের উপ-গভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে জানিয়েছেন, আগুনে দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের তৈরি ঘর সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে গেছে। আগুনের ভয়াবহতার কিছু দৃশ্য যাচাই করা ভিডিওতেও দেখা গেছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল কাজ করেছে বলে জানিয়েছে এএফসি-এম২৩।
উল্লেখ্য, বুকাভু শহরটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিক সময়েও শহরটিতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৬ সেপ্টেম্বরের একটি অগ্নিকাণ্ডে ৪৫টির বেশি বাড়ি পুড়ে যায় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার