কক্সবাজারে পেটে অস্ত্র ঠেকিয়ে রাজমিস্ত্রিকে গুলি, গ্রেপ্তার ১


hudhudbd.com
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক রাজমিস্ত্রিকে খুব কাছ থেকে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একরাম (৩২) নামের ওই যুবককে পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় বলে স্বজনদের দাবি। আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিটি কলেজসংলগ্ন সাহিত্যিকাপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত একরামের স্বজনদের ভাষ্য, কাজ শেষে বাড়ি ফেরার পথে সিটি কলেজ এলাকায় মুবিন, জাহেদ, সাদ্দাম ও আবুল মনসুর লুদু নামে চারজন তাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে তার পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় একরামকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে রাত ১টার দিকে শহরের হাসেমিয়া মাদ্রাসা এলাকা থেকে আবুল মনসুর লুদুকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার লুদু সাহিত্যিকাপল্লী এলাকার মৃত আব্দুস সবুর সওদাগরের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি জানান, হামলার প্রকৃত কারণ, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার