সম্মিলিত ইসলামী ব্যাংকে বিদেশি বিনিয়োগ আনতে তৎপর সরকার
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরাতে বিদেশি কৌশলগত অংশীদার খুঁজছে সরকার। ব্যাংকটির মূলধন বাড়ানো, তারল্য সংকট মোকাবিলা, খেলাপি ঋণ আদায় এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের এ উদ্যোগের অংশ হিসেবে কাতারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। গত ১৭ ও ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর কাতার সফর করে দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। ওই সফরে সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগের বিষয়ে কাতারকে প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের আরও কয়েকটি দেশের সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ব্যাংকটির দীর্ঘমেয়াদি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কৌশলগত অংশীদার যুক্ত হলে ব্যাংকের মূলধন ও ব্যবস্থাপনায় নতুন শক্তি যোগ হবে বলে মনে করছে সরকার।
বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে সংকটে পড়া এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এসব ব্যাংকের প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট আমানতের পরিমাণ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।
পাঁচ ব্যাংকের মোট ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় ৮৬ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি রয়েছে দেড় লাখ কোটি টাকার বেশি।
সরকারি মালিকানায় গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ব্যাংকটিকে গতিশীল করে স্বাভাবিক কার্যক্রমে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় মূলধন সরবরাহের পাশাপাশি বিদেশি কৌশলগত অংশীদার খোঁজা হচ্ছে।
তিনি বলেন, ব্যাংকটিকে পুরোপুরি কার্যকর করতে আরও অর্থের প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সামনে দুটি পথ রয়েছে—সরকার নিজে অতিরিক্ত অর্থ দিতে পারে অথবা কৌশলগত অংশীদার যুক্ত করতে পারে। সরকার দ্বিতীয় পথটি বেছে নিয়ে এগোচ্ছে। ইতোমধ্যে কাতারকে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে এবং মুসলিম বিশ্বের আরও কয়েকটি দেশকে একই প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে ব্যাংকটির গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবের গ্রাহকদের মূল আমানতের টাকা ফেরত দেওয়ার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে গ্রাহকরা তাদের জমা করা মূল অর্থ এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে এ অর্থের সঙ্গে কোনো মুনাফা দেওয়া হবে না। এ জন্য আজ মঙ্গলবার থেকে ব্যাংকের শাখাগুলোতে আবেদন নেওয়া শুরু হবে।
ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার বলেন, সরকারের সহযোগিতায় ব্যাংকটি দ্রুত স্বাভাবিক লেনদেনে ফেরানোর প্রস্তুতি চলছে। বাংলাদেশ ব্যাংক ও পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রাহকরা যাতে নতুন হিসাব খুলতে পারেন এবং নির্বিঘ্নে টাকা জমা ও উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে টাকা তুলতে না পারা গ্রাহকদের সুবিধার্থে মঙ্গলবার থেকেই আবেদন নেওয়া হবে। শাখাভিত্তিক অর্থের চাহিদা পর্যালোচনা করে সে অনুযায়ী অর্থ সরবরাহ করা হবে।
খেলাপি ঋণ আদায়েও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ লক্ষ্যে ব্যাংকে বিশেষ ‘কালেকশন অ্যান্ড রিকভারি ওয়ার-রুম’ গঠন করা হয়েছে। বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়, আইনি ব্যবস্থা গ্রহণ ও ঋণ পুনরুদ্ধারের কৌশল নিয়ে সেখান থেকে কাজ করা হচ্ছে।
ব্যাংক সূত্র জানায়, খেলাপি ঋণ আদায়ের জন্য ইতোমধ্যে প্রায় ১০ হাজার মামলা করা হয়েছে। আরও মামলা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির ঋণ আদায়, পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছে।
সরকারের প্রত্যাশা, বিদেশি কৌশলগত অংশীদার যুক্ত করা, খেলাপি ঋণ আদায় এবং আমানত ফেরত দেওয়ার কার্যক্রমের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।
ফেসবুকে বাংলা চ্যানেল
প্রথম দিনেই ১৮ হাজার আবেদন, ১,৩০০ কোটি টাকা ফেরত চান আমানতকারীরা
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- ৩১ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চীনা প্রতিষ্ঠানে ঢাবির ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ
- ১৮ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে দুই বছর: অর্থমন্ত্রী
- ১৭ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চট্টগ্রামে পূর্ণ আমানত ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- ১৪ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক