প্রথম দিনেই ১৮ হাজার আবেদন, ১,৩০০ কোটি টাকা ফেরত চান আমানতকারীরা
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত নিতে আবেদন করেছেন প্রায় ১৮ হাজার গ্রাহক। প্রথম দিনের আবেদনেই ফেরত চাওয়া হয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে এককালীন পুরো আমানত তুলে নেওয়ার আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন। এসব গ্রাহক মোট ২৪৪ কোটি টাকা ফেরত চেয়েছেন। আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের জমার মূল অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার কথা রয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, টাকা ফেরতের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার (১ সেপ্টেম্বর), যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ জন্য গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে আবেদন জমা দিতে হবে।
আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট শাখাগুলো তা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠাবে। এরপর গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করে শাখাগুলোতে পাঠানো হবে। সেখান থেকেই আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে।
তবে আপাতত শুধু ব্যক্তি আমানতকারীরা তাদের জমা অর্থের মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলতে পারবেন। আমানতের বিপরীতে অর্জিত মুনাফা পরবর্তী সময়ে পরিশোধ করা হবে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে আপাতত অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছেন না।
টাকা উত্তোলনের আবেদনে গ্রাহককে নিজের হিসাবে মোট জমার পরিমাণ, কত টাকা তুলতে চান এবং উত্তোলনের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।
এর আগে ১ সেপ্টেম্বর থেকে আমানতের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগায় কার্যক্রমটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংকটে পড়া পাঁচটি বেসরকারি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
সম্মিলিত ইসলামী ব্যাংকে বিদেশি বিনিয়োগ আনতে তৎপর সরকার
- ০১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- ৩১ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চীনা প্রতিষ্ঠানে ঢাবির ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ
- ১৮ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে দুই বছর: অর্থমন্ত্রী
- ১৭ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চট্টগ্রামে পূর্ণ আমানত ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- ১৪ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক