যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। নতুন এ চুক্তিকে স্বাগত জানিয়ে এটিকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

রোববার (৩০ আগস্ট) রাতে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

সার্জিও গোরের ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চলতি সপ্তাহে নতুন একটি চুক্তি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আগের প্রাথমিক ক্রয়াদেশও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

পোস্টে সার্জিও গোর বলেন, বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য ‘বিলিয়ন বিলিয়ন ডলার’ ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তার মতে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

তবে নতুন চুক্তির আওতায় ঠিক কতটি উড়োজাহাজ কেনা হবে কিংবা কোন কোন মডেলের বিমান নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন রাষ্ট্রদূত। চুক্তির মোট আর্থিক মূল্যও প্রকাশ করা হয়নি।

সার্জিও গোরের এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এর ধারাবাহিকতায় গত ১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করে।

চুক্তি অনুযায়ী, ১৪টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের ব্যয় হবে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা ৭৩ পয়সা হিসাবে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার