কক্সবাজারে মদের বারে সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬

কক্সবাজার শহরের একটি মদের বারে সংঘর্ষের ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন নাজিবুল হক রাশেদ ও সালমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে রাশেদের মৃত্যু হয়। পরে সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত সালমানও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের বারে বসে মদ পান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরে বিরোধে আরও কয়েকজন যুবক জড়িয়ে পড়েন।
এ সময় তাজওয়ার হক রাদির নেতৃত্বে এক পক্ষ রাশেদকে ছুরিকাঘাত করে বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে সালমানও হামলার শিকার হন। রাশেদের পক্ষের লোকজন প্রথমে তাকে বারের সামনে মারধর করে। পরে তাকে মারতে মারতে ফিশারিঘাট এলাকায় নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত সালমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
নিহত সালমান কক্সবাজার সদর উপজেলার বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা। আর রাশেদের বাড়ি শহরের নুনিয়ারছড়া এলাকায়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মদের বারে সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার