চীনা প্রতিষ্ঠানে ঢাবির ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য চীনা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৪৩০টি চাকরির সুযোগ তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), চীনা দূতাবাস ও কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’ ও ‘চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ার’-এ এসব কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করা হয়। চাকরি মেলায় চীনের ৩১টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দীন খান।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে চীনের ঐতিহ্যবাহী লায়ন ড্যান্স, শান-হাই চাইনিজ কোয়ারের পরিবেশনা এবং বাংলা গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদ, আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দীন খানসহ চীনা দূতাবাস, বাংলাদেশ চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

ডাকসুর নেতারা জানান, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হুয়াওয়ের বিনামূল্যে বছরব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কর্মসূচির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘সিনো-বাংলা ফ্রেন্ডশিপ’ বৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া ২০২৬ সালের চীনা সরকারি বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের জন্য প্রাক-যাত্রা দিকনির্দেশনামূলক অনুষ্ঠানও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম, ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ, চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার