চট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার বিদেশি সিগারেট-আইফোন জব্দ


hudhudbd.com
চট্টগ্রাম নগর প্রতিনিধি
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা

সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ১৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর যাত্রীদের তল্লাশি চালানো হয়। এ সময় তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন পাওয়া যায়। উদ্ধার হওয়া সিগারেটের মধ্যে প্লাটিনাম, মন্ড ও ইজি লাইট ব্র্যান্ড রয়েছে।

এ ঘটনায় জড়িত তিন যাত্রী হলেন—মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদ।

বিমানবন্দর সূত্র জানায়, গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় বিদেশি সিগারেট এবং ব্যাগেজ সুবিধার নির্ধারিত সীমার অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোনগুলোও আটক করা হয়েছে।

জব্দ করা পণ্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার