মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর দিল্লি সফর, তারিখ নিয়ে চলছে আলোচনা


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে প্রস্তুতি শুরু করেছে ঢাকা। তবে সফরের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আগস্টের ২০ ও ২১ তারিখে দুই দিনের সফরের প্রস্তাব দিয়েছে ভারত। কিন্তু একই সময়ে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন থাকায় ২২ ও ২৩ আগস্টকে বিকল্প তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সফরটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। যদিও এখনো ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সফরের তারিখ ঘোষণা করা হয়নি।
সম্ভাব্য এ সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ভিসা সহজীকরণ, ট্রানজিট, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, নদীর পানিবণ্টন ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে গঙ্গার পানি বণ্টন চুক্তি। ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। ফলে চুক্তির ভবিষ্যৎ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।
এ ছাড়া ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দেশটিতে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি সফর শেষে ঢাকায় ফিরেছেন। তাঁর সফরেও দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
সব মিলিয়ে সফরের তারিখ এখনো অনিশ্চিত থাকলেও আগস্টের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার