কিয়েভে ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার সংঘর্ষ, গুলিতে আহত ৩


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির দুই প্রধান গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সামরিক গোয়েন্দা সংস্থা হুরের (এইচইউআর) তিন সদস্য আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার ভোরে কয়েক ঘণ্টার উত্তেজনার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সামরিক গোয়েন্দা সংস্থা হুর এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদস্যরা জড়িয়ে পড়েন।
ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রাশিয়ার নাগরিক স্তেপান কাপলুনভ। তিনি ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেওয়া রুশ স্বেচ্ছাসেবক কোরের একজন জ্যেষ্ঠ কমান্ডার এবং ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করেন।
বৃহস্পতিবার কাপলুনভের বিরুদ্ধে রুশ নিরাপত্তা সংস্থার হয়ে হত্যাচক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনে এসবিইউ। সংস্থাটির দাবি, জিজ্ঞাসাবাদের পর কাপলুনভ অভিযোগ স্বীকার করেন এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে কাপলুনভ ও তার আইনজীবী এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের ভাষ্য, স্বীকারোক্তি জোরপূর্বক নেওয়া হয়েছিল।
কাপলুনভ জানান, প্রায় ১০ দিন আগে তাকে রাস্তায় আটক করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে রাখা হয়। পরে আটককারীরা নিজেদের এসবিইউর সদস্য হিসেবে পরিচয় দিয়ে তাকে রুশ গুপ্তচর হিসেবে স্বীকারোক্তি দিতে বাধ্য করে বলে অভিযোগ করেন তিনি।
অ্যাপার্টমেন্ট ঘিরে উত্তেজনা
সংঘর্ষের সূত্রপাত কাপলুনভের অ্যাপার্টমেন্টের বাইরে। হুরের কমান্ডার ওলেক্সি সেরেদিউকের দাবি, কাপলুনভ ২৩ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। তাকে এসবিইউ আটক করেছে কি না, তা জানতে চাইলেও সংস্থাটির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
পরে কাপলুনভের সহযোগীরা তার অ্যাপার্টমেন্টে নিরাপত্তার ব্যবস্থা করেন। বুধবার রাতে এসবিইউর সদস্যরা সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এসবিইউর ভাষ্য, কাপলুনভের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানোর সময় তাদের কর্মকর্তারা বাধার মুখে পড়েন। এ সময় আত্মরক্ষার জন্য তারা গুলি চালান।
অন্যদিকে হুরের দাবি, এসবিইউর বেআইনি কর্মকাণ্ডের কারণেই সংঘর্ষের সূত্রপাত হয়।
কাপলুনভের আইনজীবী তারাস বোরোভস্কি জানান, এসবিইউর সদস্যরা কাপলুনভকে সঙ্গে নিয়ে অ্যাপার্টমেন্টে এসেছিলেন এবং সেখানে তদন্তসংক্রান্ত কার্যক্রম পরিচালনার কথা ছিল। ঘটনাস্থলে দুই গোয়েন্দা সংস্থার কমান্ডারদের মধ্যে কয়েক ঘণ্টা আলোচনা হয়। তদন্ত শেষ করার বিষয়ে সমঝোতাও হয়েছিল বলে দাবি করেন তিনি।
তবে সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ রাস্তায় গুলিবিনিময় শুরু হয়। পরে এসবিইউর সদস্যরা হুরের কয়েকজন সদস্যকে আটক করেন বলে জানান আইনজীবী।
জেলেনস্কির কঠোর প্রতিক্রিয়া
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ঘটনাটিকে ‘লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করেন।
তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সংঘর্ষে জড়িত ইউনিটগুলোর কমান্ডারদের ভূমিকাও তদন্তের আওতায় আনার কথা জানান।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের মাটিতে অস্ত্র ব্যবহারের অনুমতি কেবল রুশ দখলদারদের বিরুদ্ধে দেশের প্রতিরক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য। দেশের অভ্যন্তরে কোনো ধরনের গুলিবিনিময় গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কিরিলো বুদানভও এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি আগে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন।
বুদানভ বলেন, কোনো পক্ষেরই সেনাসদস্যদের বেআইনিভাবে অপহরণ কিংবা দেশের শহরের রাস্তায় গুলি চালানোর অধিকার নেই।
পাল্টাপাল্টি অভিযোগ
ঘটনার পর দুই গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও এবং কাপলুনভ ও তার আইনজীবীর সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে।
হুরের পক্ষ থেকে এসবিইউর দেওয়া ঘটনার বিবরণকে প্রত্যাখ্যান করা হয়েছে। কাপলুনভ রুশ এজেন্ট—এসবিইউর এমন দাবিও তারা অস্বীকার করেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে হুর অভিযোগ করে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে।
হুরের কমান্ডের অনুমোদন নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে সেরেদিউক দাবি করেন, কাপলুনভকে আটকের ঘটনাসহ এসবিইউর কিছু কর্মকাণ্ড থেকেই বর্তমান সংকটের সূত্রপাত।
অন্যদিকে এসবিইউ দাবি করেছে, তাদের অভিযান চলাকালে সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করা হয়েছে।
কাপলুনভ বর্তমানে সামরিক গোয়েন্দা সংস্থার সুরক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি। রুশ স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত রুশ স্বেচ্ছাসেবক কোর ২০২৩ সাল থেকে ইউক্রেনের হয়ে সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে যুদ্ধ করছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার