চট্টগ্রামে পূর্ণ আমানত ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত পুরোপুরি ফেরত দেওয়া এবং ব্যাংকিং কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংকে রাখা নিজেদের অর্থ নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আমানতের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ বা অর্থ কর্তনের সিদ্ধান্ত বাতিল করে গ্রাহকদের সম্পূর্ণ আমানত সুরক্ষার দাবি জানান তারা।
সংকটে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গত বছর রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
এরপর গত দুই অর্থবছরের আমানতের বিপরীতে মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ‘হেয়ার কাট’ পদ্ধতিতে আমানতের একটি অংশ সমন্বয়ের উদ্যোগ নেওয়া হলেও আমানতকারীদের আন্দোলনের মুখে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক।
বিক্ষোভকারীরা ব্যাংকের লেনদেন দ্রুত স্বাভাবিক করা, গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা এবং দ্রুত অর্থ ফেরতের ব্যবস্থা করার দাবি জানান।
পরে বিক্ষোভ শেষে আমানতকারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো তুলে ধরেন।
অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শারমিন আক্তার বলেন, অর্থমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এখন তারা সেই আশ্বাসের বাস্তবায়ন চান।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার