সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে সংঘর্ষ


hudhudbd.com
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং অস্ত্র হাতে কয়েকজনের মহড়া দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময় মহাসড়কে যান চলাচলও ব্যাহত হয়।
মঙ্গলবার সকালে পৌরসদরের একটি কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে দক্ষিণ বাইপাস এলাকার একটি মসজিদের সামনে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে।
পরে কাজী সালাউদ্দিনের অনুসারীরা বাঁশবাড়িয়া এলাকায় এবং আসলাম চৌধুরীর অনুসারীরা পৌরসদর এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে এক পক্ষ বাঁশবাড়িয়ায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়। উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে।
কাজী সালাউদ্দিনের অনুসারীদের নেতা কাজী মো. মহিউদ্দিনের দাবি, তাদের কর্মসূচিতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয় এবং এতে তাদের পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। অন্যদিকে আসলাম চৌধুরীর অনুসারীদের নেতা মো. মোরসালিনও তাদের পক্ষের কয়েকজন আহত হওয়ার দাবি করেন।
স্থানীয়রা জানান, সীতাকুণ্ড উপজেলা বিএনপিতে আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীদের পৃথক কমিটি রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে আগে থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার