বানের স্রোতে ভেসে আসা সিন্দুক ভেঙে টাকা লুট, নেপালে আটক ২৯


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬

ভয়াবহ বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত নেপালে এবার ভেসে আসা একটি সিন্দুক ভেঙে বিপুল পরিমাণ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাসুয়া এলাকার ভোটেকোশী নদীতে প্রথম সিন্দুকটি ভাসতে দেখা যায়। পরে সেটি ধড়িংয়ের গলছি এলাকায় ত্রিশূলী নদীতে পাওয়া যায়। সিন্দুকটি ভেঙে স্থানীয় কয়েকজন টাকা নিয়ে গেছেন—এমন খবর পেয়ে অভিযান শুরু করে ধড়িং থানা পুলিশ।
পরে আশপাশের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা অর্থের পরিমাণ ৯২,৬৮,৫০৫ নেপালি রুপি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ লাখ রুপির সমান।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের অধিকাংশই গলছি-৪ এলাকার মাস্তারের বাসিন্দা। এছাড়া আদমঘাট, চিতওয়ান ও পারসা এলাকার কয়েকজনও রয়েছেন। তাঁদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকেও অলংকার খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই যুবককে ওই নারীর মরদেহ থেকে দুল খুলে নিতে দেখা যায়। ভিডিওটি শনাক্তের পর ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেপাল পুলিশ জানিয়েছে, দুর্যোগের সুযোগ নিয়ে মৃত ও আহত ব্যক্তিদের প্রতি কোনো ধরনের অমর্যাদা বা লুটপাটের ঘটনা বরদাস্ত করা হবে না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার