নতুন শিক্ষানীতি নয়, ২০১০ সালের নীতির আলোকে প্রাথমিক শিক্ষায় সংস্কার
দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি ও বদলি ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পৃথক ‘টিচার পলিসি’ প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তাদের কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি ও জবাবদিহির আওতায় আনতে আলাদা নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিকের পাঠ্যক্রমেও কিছু পরিবর্তন আনার কথা জানান তিনি। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে বাংলা ও গণিতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নাগরিক সচেতনতা তৈরিতে ‘সিভিক’ ও ‘অ্যাক্টিভ এডুকেশন’ যুক্ত করার উদ্যোগ রয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমও পাঠ্যক্রমের অংশ করা হবে।
দেশের সব শিশুকে বিদ্যালয়মুখী করা এবং তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আগের স্কুল ফিডিং কর্মসূচির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভুলত্রুটি সংশোধন এবং কর্মসূচির কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক আবু ছালেহ মোহামুসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হারুন অর রশিদসহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সান্নিধ্যে কিছু স্মরণীয় মুহূর্ত
- ২৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
একাদশে ভর্তি শুরু আজ, সক্ষমতা না থাকলে কলেজের আসন কমবে
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- চট্টগ্রাম নগর প্রতিনিধি
চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার নেমেছে ৫৯.৪৮ শতাংশে
- ১০ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ১০ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
পেকুয়ায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
- ২৬ জুলাই, ২০২৫
- পেকুয়া প্রতিনিধি