একাদশে ভর্তি শুরু আজ, সক্ষমতা না থাকলে কলেজের আসন কমবে


hudhudbd.com
চট্টগ্রাম নগর প্রতিনিধি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (২ সেপ্টেম্বর)। অনলাইনে এ আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সক্ষমতা বিবেচনায় কিছু কলেজের আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, আগের বছরের ভর্তি পরিস্থিতি পর্যালোচনা করে যেসব কলেজে অতিরিক্ত আসন রয়েছে, সেগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে। অনেক কলেজে পর্যাপ্ত শিক্ষক ও শ্রেণিকক্ষ না থাকা সত্ত্বেও অতীতে আসন বাড়ানো হয়েছিল।
তিনি বলেন, যেসব কলেজের প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষকসংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ধারণের সক্ষমতা নেই, সেসব প্রতিষ্ঠানের আসন কমিয়ে দেওয়া হবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা অনুযায়ী, এবারও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা বা আলাদা বাছাই প্রক্রিয়া থাকছে না। শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই কলেজে ভর্তি করা হবে।
অনলাইনে আবেদন করার সময় একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দের তালিকায় রাখতে পারবেন। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
আবেদন শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। সব প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
এদিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ের মধ্যেই একাদশে ভর্তির আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হলে ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত নতুন করে আবেদন কিংবা পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।
একই সময়ে পুনর্মূল্যায়নের মাধ্যমে ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সব আবেদনকারীর জন্য পছন্দক্রম পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ করে। সেই নীতিমালা অনুযায়ীই এবারের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার