ইরানে ফের মার্কিন হামলা, শিশুসহ নিহত; পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি লক্ষ্য


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার পর উপসাগরীয় অঞ্চলে থাকা কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুহেস্তাক গ্রামের কয়েকজন বাসিন্দা হামলায় নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
হামলার পর ওই এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।
ইরানের আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় অন্তত দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। কোনারাক কাউন্টি ছাড়াও জাস্ক ও বান্দার লেঙ্গেহ শহরে হামলার খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিরোফত শহরের একটি বেসামরিক বিমানবন্দরেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। একই সময়ে হরমোজগান প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কেশম দ্বীপের মাসান গ্রামের আশপাশে পাঁচটির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আইআরআইবি। পাশাপাশি কেশম থেকে হরমুজ প্রণালির দিকেও আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি
ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলার পর পাল্টা আক্রমণে যাওয়ার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার রাতে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে একটি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কয়েকটি ড্রোন ধ্বংস এবং কয়েকজন মার্কিন ফ্লাইট ও কারিগরি কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে ঘাঁটির কয়েকটি কারিগরি অবকাঠামোতে আগুন লাগার কথাও বলা হয়েছে।
তবে ইরানের এসব দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পক্ষ থেকে হামলায় হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে মার্কিন হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি কাঠামোগত চুক্তি হলেও নৌপথে চলাচলসহ বিভিন্ন বিষয়ে বিরোধের জেরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর জুলাইয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর দুই সপ্তাহব্যাপী বিমান হামলা চালানোর পাশাপাশি দেশটির বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধ আরোপ করে। সর্বশেষ হামলা ও পাল্টা হামলার ঘটনায় দুই দেশের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার