ইমরান খানের মৃত্যুর গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা, সেনাবাহিনীর দাবি ‘গুজব
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, ইমরান খান জীবিত এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।
মার্কিনপ্রবাসী পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান ইমরান খানকে নিয়ে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে তিনি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলার দাবি করেন।
ওই সূত্রগুলোর বরাত দিয়ে ইমরানের জীবিত থাকা নিয়ে সেনাবাহিনীর ভেতরে উদ্বেগ রয়েছে বলে উল্লেখ করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ইমরান খানের সমর্থকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়।
তবে সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান পরে জানান, ইমরান খানের মৃত্যুর বিষয়ে তার কাছে কোনো নথিভুক্ত বা নিশ্চিত প্রমাণ নেই। মূলত ইমরান খানকে ঘিরে তথ্যের গোপনীয়তা নিয়ে তার সূত্রগুলো উদ্বেগ প্রকাশ করেছিল বলে তিনি জানান।
এরপর আইএসপিআর এক বিবৃতিতে ইমরানের মৃত্যুর খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইমরান খান জীবিত এবং আদিয়ালা কারাগারেই আছেন।
ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্রও তার জীবিত থাকার দাবি করেছে। বুশরা বিবির পরিবারের সদস্যদের ভাষ্য, নিয়ন্ত্রিত কারা-সাক্ষাতের সময় তাদের কারাগারের সিসিটিভি মনিটরে ইমরান খানকে হাঁটাচলা করতে দেখা গেছে।
তবে মৃত্যুর গুঞ্জন খণ্ডন হলেও ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের অবাধে সাক্ষাৎ এবং স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে পিটিআই।
দলটির নেতারা বলছেন, ইমরানের জীবন ও চিকিৎসা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় দেশজুড়ে বড় ধরনের আন্দোলন তৈরি হতে পারে। এদিকে পিটিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করে ইমরানের চিকিৎসা সুবিধা ও কারাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত আবেদনের দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা রহমান
- ২৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
- ২৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
হরমুজে মার্কিন চালকবিহীন ডুবোযান আটক, ইরানের দাবি
- ০৯ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
যুদ্ধের মাঝেই ইরানের ভেতরে একাধিক নিরাপত্তা ফ্রন্ট, বাড়ছে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কিয়েভে ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার সংঘর্ষ, গুলিতে আহত ৩
- ০৪ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক