স্বজনপ্রীতিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী
স্বজনপ্রীতিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি: ব্যবসা-বাণিজ্যে রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত প্রভাব কিংবা স্বজনপ্রীতির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যোগ্যতা ও নিয়মের ভিত্তিতেই ব্যবসার সুযোগ নিশ্চিত করা হবে।
মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সভায় বন্দর ও কাস্টমসের মধ্যে দীর্ঘদিনের সমন্বয়হীনতা, পণ্য খালাসে বিলম্ব, বাড়তি খরচ, জটিল নিয়মকানুন এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কনটেইনার ও পণ্য নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে সময়সীমা নির্ধারণ করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
বন্দর ও কাস্টমসের কার্যক্রমে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্তও হয়েছে। আমির খসরু বলেন, দুই প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে আমদানি পণ্য খালাসের সময় ও ব্যয় কমানোর পাশাপাশি স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো সম্ভব হবে।
তিনি বলেন, কাস্টমসের জটিলতা এবং বন্দরে অতিরিক্ত ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপর পড়ে। আমদানি ব্যয় বাড়লে বাজারে পণ্যের দামও বাড়ে। তাই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাধা দূর করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
অর্থমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। প্রতিটি সমস্যা সমাধানে করণীয় নির্ধারণের পাশাপাশি বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমাও ঠিক করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস এলাকায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনার ও অবৈধ বা আটকে থাকা পণ্য দ্রুত ব্যবস্থাপনার আওতায় আনার কথাও জানান তিনি। এ ক্ষেত্রে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে কেউ বিশেষ সুবিধা নিতে পারবে না বলেও স্পষ্ট করেন মন্ত্রী।
এদিকে চট্টগ্রামকে ঘিরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন আমির খসরু। তিনি বলেন, এডিবি চট্টগ্রামকে শুধু একটি লজিস্টিকস হাব হিসেবে নয়, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী।
বন্দরকেন্দ্রিক লজিস্টিকস অবকাঠামোর পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক উন্নয়নেও এডিবির সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান, চট্টগ্রাম কাস্টমস কমিশনার মো. নাজমুল হোসাইনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক