আজ ৬অক্টোবর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বঙ্গভবনে প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৬টায় পৌঁছলে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর সহধর্মিণী রাশিদা খানম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সি জালাল উদ্দিন বাসসকে জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসর রাখার স্বীকৃতি হিসেবে দেয়া হয়েছে।
এ সময় জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সার্বিক ভূমিকার প্রশংসা এবং তাঁর ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি ।
রাষ্ট্রপতির ছেলে ও সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন এ সময় ।