বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে। বাংলাদেশ কন্টিজেন্টের (ব্যানকন -১২) আওতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ’সংগ্রাম’ এ যোগ দেবেন তারা।
আজ বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে চট্টগ্রাম ত্যাগ করেন তারা। চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার আ্যডমিরাল এম মোজাম্মেল হক দলটিকে আনুষ্ঠানিক বিদায় জানান। এ সময় নেীবাহিনী উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। বর্তমানে নিয়োজিত ‘সংগ্রাম’ যুদ্ধজাহাজ লেবাননের ভূ-খণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ‘সংগ্রাম’ লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানিজ নৌবাহিনী সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করে যাচ্ছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গত ১১ বছর ধরে নৌ সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। নৌবাহিনীর এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করেছে।
উল্লেখ্য এর আগে ৩৫ নৌসদস্যের অপর একটি দল গত ৮ সেপ্টেম্বর লেবাননে পৌঁছান।