রাষ্ট্রীয় দায়িত্বে দলনিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর কোনো দলীয় পরিচয় থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম দরবারে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ আয়োজনে রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। এখন তিনি সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ।
রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনের সময় কারও প্রতি তাঁর ব্যক্তিগত রাগ বা অনুরাগ থাকবে না। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করাই হবে তাঁর লক্ষ্য।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন।
বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এটি রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ প্রতীক। তাই এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়গুলোতে কঠোর গোপনীয়তা বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা জনগণের অর্থে পরিচালিত হয়। তাই এসব সম্পদের স্বচ্ছ, সঠিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলাবোধ, নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন তিনি।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি স্বাধীনতার পর দেশ ও রাষ্ট্রগঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। এ সময় তিনি দেশের পূর্ববর্তী সব রাষ্ট্রপতির প্রতিও শ্রদ্ধা জানান।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি আরও বলেন, তাঁরা সবাই একটি পরিবারের সদস্য। পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার