রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় জোটের চমক, প্রার্থী অলি আহমদ


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ১১-দলীয় জোট। জোটের মনোনয়ন পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১-দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে অলি আহমদের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, জোটের শরিক দলগুলোর সম্মতিতেই এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।
এ সময় জোটের বিভিন্ন শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বিএনপিও মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজন সংসদ সদস্যকে সমর্থক হিসেবে থাকতে হবে। একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারবেন। যাচাই-বাছাইয়ের পর একটি মনোনয়নপত্র চূড়ান্তভাবে বৈধ থাকবে।
নির্ধারিত দিনে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার