২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা


hudhudbd.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬

আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রয়োজন হলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার দেশের বাইরে থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি। পরে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ কমিশন অনুমোদিত তফসিল ঘোষণা করেন।
১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করেন। একজন প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক ও আরেকজনকে সমর্থক হতে হয়। এছাড়া প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষরও আবশ্যক।
আইন অনুযায়ী, বৈধ প্রার্থী একজন হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। তবে একাধিক বৈধ প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইয়ের কার্যক্রম প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং ভোটের প্রয়োজন হলে তা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন। ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়েছে নির্বাচন কমিশনকে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার