কোভিড’১৯ লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরি প্রার্থীদের বয়সে ২১ মাস ছাড় দিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।
গত বছরের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগে যত বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেখানে তাদের আবেদনের সুযোগ থাকবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।
কোভিড’১৯ এর কারণে বিভিন্ন ক্ষতিগ্রস্থদের ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রণোদনা দেয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গত বছর ২৫ মার্চ থেকে যাদের চাকরির বয়স শেষ হয়েছে, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বয়স শিথিল করা হয়েছিল। আবারো নতুন করে আরেকটি প্রস্তাব পাঠিয়েছি প্রধানমন্ত্রীর কাছে। প্রস্তাবটি অনুমোদন হয়ে আসলে সেই বিষয়ে আমরা বলতে পারব এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে চাকরি প্রার্থীরা একটা ছাড় পাবে, এটা একটা বড় সহযোগীতা। এই ছাড়ের আওতায় কেবল তারাই আসবে গত বছরের (২০২০) ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর হয়েছে।