কোভিড ১৯ এ আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ । আজ (২৫ এপ্রিল) সকাল ১১ টায় এ মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান ।
কক্সবাজার জেলার করোনা রোগীদের জন্য এ মানবিক কার্যক্রমের উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, প্রতিনিয়ত করোনা সংক্রমণ বাড়ছে । সংক্রমণ প্রতিরোধে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের সদস্যরা মানুষের সেবায় দিনরাত নিজদেরকে নিয়োজিত রেখেছেন । পাশাপাশি নানাপ্রকার মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।

পুলিশ সুপার আরো বলেন, কোভিড ১৯ এ আক্রান্ত অসচ্ছল রোগী অথবা করোনা উপসর্গ আছে এমন ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য অক্সিজেন সিলিন্ডারযুক্ত এ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম বলেন, কোভিড ১৯ আক্রান্ত রোগী ও স্বজনেরা পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০১০৯৩৯৪ ও ০৩৪১৬৪০৪৮ নাম্বারে ফোন দিলে তাৎক্ষণিক পৌঁছে যাবে ফ্রি অ্যাম্বুলেন্স । এই সেবা কক্সবাজার জেলা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পন্কজ বড়ুয়া , সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস ও জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রমূখ ।
জেলা পুলিশের পক্ষথেকে পরে ১০০ শ্রমজীবি, শারীরিক প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।