ফুটবল খেলা শেষে নাফ নদীতে গোসল, ফিরল না দুই শিশু-কিশোর


hudhudbd.com
টেকনাফ প্রতিনিধি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬

সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে বের হয়েছিল ১৫ বছরের আরজিন। খেলা শেষে বন্ধুদের সঙ্গে নাফ নদীতে গোসল করতে নামে সে। কিন্তু সেই গোসলই কেড়ে নিল তার প্রাণ। একই ঘটনায় প্রাণ হারিয়েছে ১২ বছরের শিশু নিশানও।
শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো—সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ আরজিন (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধুর সঙ্গে নাফ নদীতে গোসল করতে নেমেছিল দুই শিশু-কিশোর। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন।
পরে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিশানকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত আরজিনের বাবা কেফায়েত উল্লাহ বলেন, সকালে নাস্তা করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল তাঁর ছেলে। খেলা শেষে সবার সঙ্গে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম দুই শিশু-কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান জানান, নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে একই এলাকার দুই শিশু-কিশোরের মর্মান্তিক মৃত্যুতে শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার