কক্সবাজার যাওয়ার পথে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে বার্ষিক ভ্রমণে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। তারা সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জিংলাতলী এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন। এতে ২০ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার