২৬ আগস্ট চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস, নেতৃত্বে আল্লামা সাবির শাহ


hudhudbd.com
চট্টগ্রাম নগর প্রতিনিধি
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৫৫তম জশনে জুলুস। ঐতিহ্যবাহী এ শোভাযাত্রাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। আয়োজকদের প্রত্যাশা, এবারও বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে জুলুসটি জনসমুদ্রে পরিণত হবে।
সোমবার নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি জানান, ২৬ আগস্ট বুধবার সকাল ৮টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার পাশে আলমগীর খানকা থেকে জশনে জুলুস শুরু হবে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে জুলুসটি জামেয়া মাঠে গিয়ে শেষ হবে।
এবারের জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.)। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.) ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব শাহ (ম.জি.আ.)।
জুলুস শেষে জামেয়া মাঠে মাহফিল অনুষ্ঠিত হবে। পরে জোহরের নামাজ আদায় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
আয়োজকরা জানান, জুলুসকে সামনে রেখে নগরীর বিভিন্ন মোড়ে ইতোমধ্যে তোরণ, ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। সড়ক বিভাজক ও সড়কদ্বীপগুলোও জাতীয় পতাকা ও আনজুমানের পতাকায় সাজানো হয়েছে। অংশগ্রহণকারীদের সুবিধার্থে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগারও স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আনজুমান ট্রাস্টের নেতারা জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এর আগে আগামী ২৩ আগস্ট ঢাকায়ও জশনে জুলুস অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার