নেপালে বন্যার্তদের জন্য খাবার ও তাঁবু নিয়ে পাশে দাঁড়াল আশ ফাউন্ডেশন


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬

নেপালের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)। বন্যায় ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারানো পরিবারগুলোর পাশাপাশি খাদ্যসংকটে থাকা মানুষের জন্যও সহায়তার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
নেপালের নোয়াকুট জেলার দেবীঘাট এলাকায় গত ১১ সেপ্টেম্বর থেকে ফাউন্ডেশনের উদ্যোগে মেহমানখানার কার্যক্রম শুরু হয়েছে। নেপালে নিবন্ধিত এনজিও ASH Sanstha Nepal-এর ব্যবস্থাপনায় পরিচালিত এ কার্যক্রমের আওতায় প্রতিদিন প্রায় ২০০ দুর্গত মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। এসব পরিবারের জন্য ৫০টি পরিবারের মধ্যে তাঁবু ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীসহ বিশেষ ‘ভালোবাসার উপহার প্যাকেজ’ বিতরণ করা হয়েছে।
প্যাকেজগুলোতে ছিল খাট, তোষক, কম্বল, বেডশিট, বালিশ, প্রেসার কুকার, রান্নার কড়াই, প্লেট-গ্লাস, ছুরি, চপিং বোর্ড, ওয়াটার ডিসপেনসার, স্যানিটারি প্যাড, টুথপেস্ট ও টি-শার্টসহ দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
এর আগে বাংলাদেশ ছাড়াও তুরস্ক, মরক্কো, গাজা ও আফগানিস্তানের সংকটাপন্ন মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে আশ ফাউন্ডেশন। এবার সেই কার্যক্রমের অংশ হিসেবে নেপালের বন্যাদুর্গত মানুষের কাছেও সহায়তার হাত বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার বড় পরিচয়। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বিশ্বের যেকোনো প্রান্তের বিপদগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে।
ফাউন্ডেশনের এই উদ্যোগে নেপালের বন্যাকবলিত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্য ও আশ্রয়ের সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার