পেকুয়ায় অধ্যক্ষ মাওলানা এলাহদাদ আলভী (রহ.)-এর ৫ম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
দ্বীনি আলোচনা, আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের আহ্বানের মধ্য দিয়ে শেষ হলো স্মরণীয় আয়োজন
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী উত্তর পালাকাটায় অবস্থিত মসজিদে বায়তুল কুদ্দুস প্রাঙ্গণে উস্তাজুল আসাতিজা, পীরে কামেল শাহছুফি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ এলাহদাদ আলভী (রহ.)-এর ৫ম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর ২০২৬, শনিবার দিনব্যাপী এ মাহফিল দ্বীনি ভাবগাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হয়। ঈসালে সওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এবং আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।
লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী ও বারবাকিয়া ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এএইচএম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. আ.ফ.ম. খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সমসাময়িক বিভিন্ন সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বিষয় তুলে ধরে পরকীয়া, সমকামিতা ও ট্রান্সজেন্ডারবাদ নিয়ে আলোচনা করেন। এসব বিষয়ে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মাহফিলের প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন ফারুক আধ্যাত্মিক আত্মশুদ্ধি, তরিকতের তাৎপর্য এবং মানুষের নৈতিক ও আত্মিক উন্নয়নে ধর্মীয় অনুশীলনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন। প্রধান ওয়ায়েজ সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মদ ও জুয়ার ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং এসব সামাজিক ব্যাধি থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী বিইউআই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মীর মুহাম্মদ আদম, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আমিন উল্লাহ, হাফেজ মাওলানা আতা উল্লাহ বাহারী, মাওলানা মুজিবুর রহমান বিপ্লবী, মাওলানা মুহাম্মদ ফয়েজ উল্লাহ আল রাজী, মাওলানা মোরশেদুল আলম রাজবী, মাওলানা জামাল উদ্দিন জিহাদী, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা হাসান শরীফ, মাওলানা সাইফুল ইসলাম আলব্বী, মাওলানা আদম জাহান, মাওলানা ফায়জুল আজিজ ও মাওলানা আমির বিন সাঈদ। এ ছাড়া দেশবরেণ্য ওলামা-মাশায়েখ ও বুজুর্গানে দ্বীন মাহফিলে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ এলাহদাদ আলভী (রহ.)-এর দ্বীনি শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজ সংস্কারে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে দ্বীনি শিক্ষা ও নৈতিকতার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মাহফিলের প্রধান সমন্বয়ক ও আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আলী জাফর সাদেক আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে মাহফিলে অংশগ্রহণকারী দূর-দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ ও সর্বস্তরের তাওহীদি জনতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।