উচ্চতর সাইবার নিরাপত্তার আওতায় চট্টগ্রাম বন্দর


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে বন্দরের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক, সার্ভার, অ্যাপ্লিকেশনসহ ডিজিটাল অবকাঠামো জাতীয় পর্যায়ের উচ্চতর সাইবার নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসেছে।
৩১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর ১৫ ধারায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সিআইআই ঘোষণা করা হয়। এর আগে দেশের ৩৬টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করা হয়েছিল।
সিআইআই ঘোষণার ফলে বন্দরের ডিজিটাল ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারি, নিয়মিত নিরাপত্তা অডিট, ঝুঁকি মূল্যায়ন, দুর্বলতা পরীক্ষা ও পেনিট্রেশন টেস্টিংয়ের মতো কার্যক্রম বাধ্যতামূলক হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য এনক্রিপ্টেড ও অফলাইন ব্যাকআপ, বিজনেস কন্টিনিউটি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি ব্যবস্থা রাখতে হবে।
বন্দর কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো পর্যবেক্ষণে সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) ও সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি) পরিচালনার ব্যবস্থাও থাকবে। কোনো বড় ধরনের সাইবার হামলা বা নিরাপত্তা ঘটনা ঘটলে তা নির্ধারিত পদ্ধতিতে জাতীয় সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষকে জানাতে হবে।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, নির্ধারিত মূল্যায়নে উত্তীর্ণ হওয়ার পরই চট্টগ্রাম বন্দরকে সিআইআই হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ডেডিকেটেড সাইবার নিরাপত্তা টিম গঠন, তথ্য অবকাঠামোর ইনভেন্টরি তৈরি, নিরাপত্তা নীতিমালা হালনাগাদ ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম বন্দরের ক্রমবর্ধমান ডিজিটাল কার্যক্রমের সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। তাই সাইবার নিরাপত্তাকে শুধু তথ্যপ্রযুক্তির বিষয় নয়, বরং বন্দরের অপারেশনাল ধারাবাহিকতা, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার