জাতীয় রচনা প্রতিযোগিতায় কৃতিত্ব: চকরিয়ার আয়মান নেজামি পেলেন জাতীয় পুরস্কার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উপলক্ষে জাতীয় রচনা প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃতী সন্তান আয়মান নেজামি।
প্রতিযোগিতায় আয়মান নেজামি প্রথমে কক্সবাজার জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। এরপর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন। সর্বশেষ জাতীয় পর্যায়ে তিনি বিশেষ পুরস্কার অর্জন করে চকরিয়ার জন্য গৌরব বয়ে আনেন।
সম্প্রতি রাজধানী ঢাকার আইইবি মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আয়মান নেজামি সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেন।
আয়মান নেজামি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজারপাড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তি নেজাম উদ্দিন ও রেখা দম্পতির সন্তান।
পুরস্কার অর্জনের অনুভূতি প্রকাশ করে আয়মান নেজামি বলেন, “আল্লাহর অশেষ রহমত, মা-বাবার দোয়া, সম্মানিত শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আমার এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।”
জাতীয় পর্যায়ে আয়মান নেজামির এমন সাফল্যের খবর ছড়িয়ে পড়লে তার নিজ এলাকা ঢেমুশিয়াসহ পুরো চকরিয়া উপজেলায় আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, শিক্ষক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, আয়মান নেজামির এই সাফল্য চকরিয়ার অন্যান্য শিক্ষার্থী ও তরুণদেরও লেখাপড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।