মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকাল
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা উসমান ফয়েজী দীর্ঘদিন ধরে পেটের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে চট্টগ্রামের বাসায় ফিরে আসেন। সেখানেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালের খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মাওলানা এখলাস ফয়েজী।
তাঁর মৃত্যুতে মেখল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা, ভক্ত-অনুরাগীসহ সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে তাঁর নামাজে জানাজা ও দাফনের সময়-স্থান সম্পর্কে প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
মাওলানা উসমান ফয়েজী দেশের খ্যাতিমান আলেম পরিবারের সদস্য ছিলেন। তিনি মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ (রহ.)-এর কনিষ্ঠ নাতি। এছাড়া তিনি মেখল মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী (রহ.)-এর ছোট ভাই।
আল্লামা নোমান ফয়েজীর ইন্তেকালের পর মেখল মাদ্রাসার শুরা কমিটির জরুরি বৈঠকে মাওলানা উসমান ফয়েজীকে প্রতিষ্ঠানটির মুহতামিম হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকায় অবস্থিত জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও ইসলামী দাওয়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁর ইন্তেকালে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোক বিরাজ করছে।