“নদী ভাঙ্গন ঠেকাও, কোনাখালী বাসীকে বাঁচাও”
“ভিক্ষা নয় অধিকার চাই, নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ চাই” স্লোগানে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নস্থ মাতামুহুরী নদীর তীরে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৮ এপ্রিল (জুমাবার) মাতামুহুরী নদীর মরংঘোনা এলাকাস্থ ইউনিয়ন পরিষদ লাগোয়া নদীর তীরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ছাত্র শিক্ষক ও এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা কোনাখালী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধ সমূহ সংস্কারের দাবি জানায়। তারা মাতামুহুরী নদীর ভাঙ্গনের কবল থেকে নদীর তীর ও আশপাশ এলাকার শত শত বসতঘর, ফসলি জমি, মসজিদ মাদরাসা, স্কুল, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনার সুরক্ষা নিশ্চিতকল্পে চলতি বছরের বর্ষা মৌসুমের আগেই সেখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান।